তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন ওয়ানডে দলের তিন পেসার নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তারা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে ছিলেন। এই তিন পেসার ফিরে আসায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজে খেলা রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফ অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচ সিরিজের ১৫ সদস্যের এই দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয়কে মনোনীত করেছে। আগের সহ-অধিনায়ক সাইফ হাসান ব্যাটিংয়ে নিজের সব মনোযোগ দিতে চান জানিয়ে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিবিকে জানিয়েছেন।
তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন।
রিপোর্টারের নাম 
























