ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিপুল বিজয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ সংগ্রামের পর দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই বিজয় অর্জনে যারা অমানুষিক নির্যাতন সহ্য করেছেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
অধ্যাপক রইছ উদ্দীন আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে। তিনি আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগকে পাথেয় করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত ও শক্তিশালী হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় উন্নয়নের যে অগ্রযাত্রায় শামিল হয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় তা ভবিষ্যতে আরও বেগবান হবে।”
ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মো. সালাহ্ উদ্দিন। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের স্থিতিশীলতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
রিপোর্টারের নাম 

























