ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় অর্জন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এ ছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে শরিক হন।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য এক পরম আনন্দের ও গৌরবের। দেশবাসী দীর্ঘ প্রতীক্ষিত গণতন্ত্রের ফয়সালা পেয়েছে। কোনো ধরনের সংঘাত বা রক্তপাত ছাড়াই একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত ইতিবাচক। এই অর্জনে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্যে সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, ক্যাম্পাসে সহাবস্থান এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে শান্ত থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।
মোনাজাতে নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে জাতীয়তাবাদের পক্ষে যে ঐতিহাসিক রায় প্রতিফলিত হয়েছে, সেজন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
রিপোর্টারের নাম 

























