দেশের ইলেকট্রনিক্স খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্সের তিন দিনব্যাপী ‘পার্টনারস মিট-২০২৬’ পর্যটন নগরী কক্সবাজারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়।
উৎসবের প্রথম দিনে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। খেলা শেষে আনন্দঘন পরিবেশে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম। দ্বিতীয় দিনে ছিল বিশেষ সম্মাননা অনুষ্ঠান, যেখানে দেশসেরা ১৩ জন ব্যবসায়িক পার্টনারকে তাদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এর মধ্যে শীর্ষ পাঁচ পার্টনার হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বগুড়ার মা ইলেকট্রনিক্স, নাটোরের স্বপন ইলেকট্রনিক্স, চাঁপাইনবাবগঞ্জের রনি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, শরীয়তপুরের সিমি ইলেকট্রনিক্স এবং মানিকগঞ্জের নাহার ইলেকট্রনিক্স।
অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ সেলিম ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এই আয়োজন কেবল একটি সম্মেলন নয়, বরং এটি অংশীদারদের সঙ্গে আত্মিক সেতুবন্ধন তৈরির একটি প্রয়াস। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জনে ভবিষ্যতে ব্র্যান্ডিং ও মার্কেটিং কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।
সেলস ডিরেক্টর সাখাওয়াত হোসেন ২০২৬ সালের কর্মপরিকল্পনা ঘোষণা করে জানান, আগামী বছর ডিলারদের জন্য বিক্রয় কাঠামো ও ইনসেনটিভ পলিসিতে ব্যাপক আধুনিকায়ন আনা হবে। অন্যদিকে, হেড অফ সেলস মো. মাকসুদুর রহমান ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে স্টক ম্যানেজমেন্ট এবং কাস্টমার সার্ভিসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পণ্যের গুণগত মান ও সক্ষমতা প্রসঙ্গে হেড অফ অপারেশন ইব্রাহিম হোসেন বলেন, উন্নত প্রযুক্তি ও গ্রাহকবান্ধব ফিচারের কারণে যমুনা ইলেকট্রনিক্স বর্তমানে বাজারে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। সমাপনী বক্তব্যে হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম আশ্বস্ত করেন যে, প্রতিষ্ঠানের প্রতিটি পরিকল্পনার মূলে থাকে পার্টনারদের মুনাফা ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করা।
অংশীদারদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শেষভাগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
রিপোর্টারের নাম 

























