বাজেটে স্বাস্থ্যসেবা খাতে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এসেছে। হার্টের রিং (স্টেন্ট), চোখের ইন্ট্রাওকুলার লেন্স এবং কিডনি রোগীদের ডায়ালাইসিস চিকিৎসার খরচ কমাতে বেশ কয়েকটি কর ও ভ্যাট ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে হার্টের রিংয়ের জোগানদার পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, যা প্রতিটি রিংয়ে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ কমাতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাবনা করেন। তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় পকেট খরচ অনেক বেশি। হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে জোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট মওকুফ করা হলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্ট-এর মূল্য প্রায় ২০ হাজার টাকা এবং চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাবে।
এছাড়াও, কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর তুলে দেওয়া হয়েছে, যা ডায়ালাইসিস বাবদ প্রত্যেক রোগীর খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমাতে পারে। অর্থমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা।
রিপোর্টারের নাম 



















