গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড এবং মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। উচ্চশিক্ষা শিক্ষকদের জন্য প্রথমবারের মতো আয়োজিত একটি চার মাসব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে দেশের ১৯টি সরকারি এবং ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৫ ফেব্রুয়ারি এই চার মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সম্মানিত সদস্য ও ইউনিভার্সিটি টিচার ট্রেনিং একাডেমির রেক্টর (ইন-চার্জ) অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ড. ফুয়াদের এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, “ড. ফুয়াদের এই অসাধারণ সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিরাট গর্বের বিষয়। তার এই অর্জন নিঃসন্দেহে আমাদের শিক্ষক সমাজকে আরও বেশি গবেষণাভিত্তিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক উচ্চশিক্ষা নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।”
রিপোর্টারের নাম 

























