পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গত রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এক নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো জনগণকে সাথে নিয়ে বাস্তবায়নের স্বপ্ন দেখেন বলেও উল্লেখ করেন।
মাসুদ সাঈদী বলেন, এই উপজেলায় যত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও ইমারত দেখছেন, তার সবকিছুই আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে। তিনি আরও বলেন, তারা সবসময় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছেন। বিগত দিনের মতো ভবিষ্যতেও প্রতিবাদের এই ধারা অব্যাহত রাখতে চান বলে জানান তিনি।
জামায়াতের এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে বিগত সময়ের চেয়ে বহুগুণ বেশি উন্নয়ন তিনি উপহার দেবেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালে তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না, ঠিক যেমনটি ছিলেন না আল্লামা সাঈদী। মাসুদ সাঈদী আরও উল্লেখ করেন, এই ‘দাঁড়িপাল্লা’ প্রতীক শুধু তার নয়, এটি প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর। তিনি পুরো পিরোজপুর-১ আসনে উন্নয়নের সহযোগী হতে সবাইকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম রাতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর জেলা খেলাফত মজলিস সভাপতি মো. নাসির উদ্দিন ওসমানী, পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বাবুল হালদার, জেলা এনসিপি সভাপতি মো. মাহবুবুল আলম, সদর উপজেলা আমির মো. ছিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























