ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির নিরাপত্তা বাহিনীকে নিয়ে সামাজিক মাধ্যম ‘এক্স’ (পূর্বের টুইটার)-এ আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একাধিক অ্যাকাউন্টধারীকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। দেশটির বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভের মধ্যে এই নোটিসগুলো জারি করা হয়েছে। নোটিসে সংশ্লিষ্ট পোস্টদাতাদের পরিচয় ও তাদের পোস্টের বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। তবে ঠিক কতটি অ্যাকাউন্টে নোটিস পাঠানো হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট, ভিডিও ও মন্তব্য পর্যালোচনা করা হচ্ছে। আইন লঙ্ঘন এবং জনশৃঙ্খলার ওপর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, আন্দোলনের সময় প্রায় ৪৫০টির বেশি অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও ছড়ানো হয়েছে।
এর আগে, গত দুই দিনে দিল্লি পুলিশ বিভিন্ন সামাজিক মাধ্যমকে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়। তাদের সাইবার ও সোশ্যাল মিডিয়া নজরদারি দল নিয়মিত অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং আইনবিরোধী কনটেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি আপত্তিকর পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলেও তারা নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 



















