নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ুসহিষ্ণু কৃষি, গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য নিরাপত্তা যে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তা উল্লেখ করেন। তিনি বলেন, ঝড়, বন্যা, খরা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে দেশের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। এই প্রতিকূল পরিবেশ মোকাবিলা এবং ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ুসহিষ্ণু ফসল নির্বাচন এখন সময়ের দাবি।
নোবিপ্রবি পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং ‘জলবায়ুসহিষ্ণু ফসল নির্বাচন’ প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান সেমিনারে সভাপতিত্ব করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনের পরিচালক মির্জা শওকত আলী, নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি।
প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান সেমিনারে প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 






















