দীর্ঘ আইনি জটিলতা শেষে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত ও শপথ নেওয়া সংসদ সদস্য সরোয়ার আলমগীরের জাতীয় সংসদ অধিবেশনে যোগদানে আর কোনো বাধা নেই। আজ বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পথ সুগম হলো।
এর আগে, সরোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমীন। তিনি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন, সে সংক্রান্ত নিষেধাজ্ঞা চেয়েছিলেন। আপিল বিভাগ গত ২৭ ও ২৮ জুলাই দুই দিন এই আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেন।
উল্লেখ্য, বিগত নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন নুরুল আমীন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট করলে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন।
পরবর্তীতে নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করলে গত ৩ ফেব্রুয়ারি আদালত লিভ মঞ্জুর করেন। একই সঙ্গে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে ওই সময় তার ফলাফল প্রকাশ করা হয়নি। পরে আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে যত দ্রুত সম্ভব, সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন এবং ৩ ফেব্রুয়ারির অন্তর্বর্তী আদেশ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল রাখেন। চূড়ান্তভাবে আপিল বিভাগের আজকের আদেশের ফলে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ নিয়ে সকল অনিশ্চয়তার অবসান হলো।
রিপোর্টারের নাম 
























