শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তার চেয়ে তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জনকেই অধিক গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য এবং ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির রেক্টর প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, একজন শিক্ষক তখনই সফল যখন তিনি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন এবং নিজের পেশাগত সততা বজায় রাখেন।
বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক দ্বিতীয় ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর তানজীমউদ্দিন খান এসব কথা বলেন।
প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের মন জয় করার বিভিন্ন উপায় থাকলেও, শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের আস্থা অর্জন এবং নিজের নৈতিকতা ও সততা অক্ষুণ্ণ রাখা। একজন শিক্ষক যখন নিজেকে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে পারেন, তখন শ্রেণিকক্ষ পরিচালনা সহজ হয় এবং শিক্ষার্থীদের সাথে একটি কার্যকর সম্পর্ক তৈরি হয়। তিনি শিক্ষার্থীদের শিক্ষককে কীভাবে মূল্যায়ন করছে, সে বিষয়ে শিক্ষকদের সচেতন থাকার ওপরও গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, বিভাগীয় কার্যক্রম পরিচালনা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। একই সঙ্গে, জ্ঞান সৃষ্টি ও বিতরণের জন্য শিক্ষকদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
দেশের ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ছয়জন প্রশিক্ষণার্থীকে ইউজিসি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, চাহিদা ও ফলাফলভিত্তিক পাঠক্রম প্রণয়ন, আধুনিক শিক্ষাদান কৌশল, গবেষণা, প্রকল্প ও অফিস ব্যবস্থাপনা, সরকারি নিরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণকারী শিক্ষকেরা এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন। তিনি ইউজিসির এই সময়োপযোগী প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, কোর্স পরিচালক প্রফেসর ড. সিরাজুল ইসলাম এবং প্রফেসর ড. জহির রায়হান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউজিসি, বাউবি এবং হিট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























