‘জ্ঞানেই মুক্তি/আগামীর ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণের পবিত্র স্থান, আর গ্রন্থাগার হলো সেই অর্জিত জ্ঞানের অমূল্য ভাণ্ডার। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গঠনে বিজ্ঞান-প্রযুক্তির গবেষণা এবং সংস্কৃতিচর্চার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাতে এবং তাদের মাঝে নৈতিক মূল্যবোধের বিকাশে গ্রন্থাগার অগ্রণী ভূমিকা পালন করে। তিনি আরও জানান, ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য ‘মুক্তিযুদ্ধ কর্নার’ এবং ‘বিজয়-২০২৪ কর্নার’-এর জন্য বিশেষ দুটি অ্যালবাম উন্মোচন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অ্যালবামগুলো ভবিষ্যৎ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে। এছাড়া লাইব্রেরি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও আধুনিক করতে ‘কোহা আইএলএস’ (Koha ILS) সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বই ইস্যু সেবার উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে একটি ‘ডুয়েট কর্নার’ স্থাপনেরও নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আরেফিন কাওসার বলেন, একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি লাইব্রেরির মনোরম পরিবেশে নিয়মিত পড়াশোনা ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, লাইব্রেরির সার্বিক মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আবদুর রহমান ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক রুমা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহা. আবু তৈয়ব, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক উৎপল কুমার দাস এবং আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হাসান সিদ্দিকী।
ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আউয়াল সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























