ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান এবার ঈদে আসছেন তার নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নিয়ে। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত এই ছবিটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত মোশন পোস্টারে হেলিকপ্টারের পাশে শাকিব খানের অ্যাকশন-ধর্মী লুক দর্শকদের নজর কেড়েছে, যা বড়সড় কিছু আসার ইঙ্গিত দিচ্ছে।
মোশন পোস্টারে শাকিব খানকে দেখা গেছে চোখে রোদচশমা এবং হাতে মিসাইল নিয়ে। এই দৃশ্যই স্পষ্ট করে যে, তার নতুন ছবিটি হতে যাচ্ছে অ্যাকশন-নির্ভর। পোস্টারের ট্যাগলাইন, “একটা শহর, একটা উপাখ্যান, ঢাকা এবার বলবে ‘প্রিন্স’র গল্প”, সিনেমার বিষয়বস্তু সম্পর্কে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘প্রিন্স’ ছবিতে রোমান্টিকতা এবং মারকাটারি অ্যাকশনের এক দারুণ মেলবন্ধন থাকবে। ছবির গল্প আবর্তিত হয়েছে নব্বইয়ের দশকের ঢাকা শহরের পটভূমিতে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার ভিজ্যুয়াল নান্দনিকতা নিশ্চিত করতে যুক্ত হয়েছেন বলিউডের আলোচিত ছবি ‘অ্যানিম্যাল’-এর চিত্রগ্রাহক অমিত রায়। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ছবিটি প্রযোজনা করছে।
বর্তমানে ছবিটির শুটিং চলছে শ্রীলঙ্কায়। গত প্রায় দশ দিন ধরে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু সেখানে রোমান্টিক দৃশ্যের চিত্রায়ণে অংশ নিচ্ছেন। চলচ্চিত্র ইউনিটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নতুন জুটি হলেও ক্যামেরার সামনে তারা দুজনেই বেশ স্বাচ্ছন্দ্য। নির্মাতারা আশা করছেন, পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করবে। নব্বইয়ের দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন জ্যোতির্ময়ী। তবে শুধু রোমান্স নয়, ছবিতে তাকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে। এই ছবিতে শাকিব খানের আরেক নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ।
সহ-অভিনেতা হিসেবে শাকিব খান অত্যন্ত সহযোগিতাপূর্ণ এবং নিজের তারকাখ্যাতির কোনো প্রভাব তিনি দেখান না বলে জ্যোতির্ময়ী কুণ্ডু আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। ছবির প্রায় ২০ দিনের শুটিং এখনও বাকি রয়েছে। শ্রীলঙ্কাকে শুটিংয়ের জন্য বেছে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, শুধুমাত্র ব্যয়ের বিষয় নয়, নব্বইয়ের দশকের আবহ এবং স্থানগত সাদৃশ্য থাকায় এই দ্বীপরাষ্ট্রটিকে নির্বাচন করা হয়েছে। পুরো ইউনিট দীর্ঘ সময় ধরে সেখানেই অবস্থান করছে।
রিপোর্টারের নাম 

























