যুক্তরাজ্যভিত্তিক সৃজনশীল প্রতিষ্ঠান ‘আকসা এন্টারটেইনমেন্ট’ বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন অধ্যায়ের সূচনা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী জমিরুল বশির। এই উদ্যোগের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ মঈন উদ্দিন।
জমিরুল বশির বলেন, “পারিবারিক প্রয়োজনে সম্প্রতি বাংলাদেশে আসার পর থেকেই ‘আকসা এন্টারটেইনমেন্ট’কে নিয়ে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করি। যুক্তরাজ্য ও বাংলাদেশের পরিচিতজনদের এই যাত্রার কথা জানাতে এবং কাছের মানুষদের সঙ্গে প্রাথমিক ঘোষণা দিতেই এই সান্ধ্যকালীন আয়োজন।” তিনি আরও বলেন, “এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তারা আমার স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি, ‘আকসা এন্টারটেইনমেন্ট’ তাদের কাজের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে।”
প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, “জমিরুল বশির আমাদের পরিবারেরই একজন। বাংলাদেশে আমার ২৫ বছরেরও বেশি সময়ের বিনোদন সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘আকসা এন্টারটেইনমেন্ট’-এর সাংস্কৃতিক ও সামাজিক নানা ধরনের সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমিও চাই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাদের প্রভাব বিস্তার করুক।”
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, ব্যাংক কর্মকর্তা আনোয়ার শিকদার, আফিয়া খাতুন, স্থপতি উজ্জ্বল বখত, ব্যবসায়ী মহিবুর রহমান, সমাজ সেবক ইন্দিরা তালুকদার, কাস্টমস ইন্সপেক্টর সরকার, শিক্ষক বিশ্বনাথ তালুকদার নেপুল, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রূপক কিরন তালুকদার, ব্যাংক কর্মকর্তা দেবব্রত বিশ্বাস লিটনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সিলেটের প্রখ্যাত সংগীতশিল্পী মিতালী দাস এবং হিল্লোল শর্মা তাঁদের মনোজ্ঞ সংগীত পরিবেশনা করেন। মিতালী দাস তাঁর সুমধুর কণ্ঠে ‘তুমি আমার মনের মানুষ’, ‘শত জনমের স্বপ্ন’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘নয়নও সরসী কেন’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘বলবোনা গো’, ‘গান গাই আমার মনরে বোঝাই’ সহ আরও বেশ কিছু গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। হিল্লোল শর্মাও তাঁর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করেন।
জমিরুল বশির জানিয়েছেন, অচিরেই যুক্তরাজ্যে ‘আকসা এন্টারটেইনমেন্ট’-এর আয়োজনে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীরা আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করবেন।
রিপোর্টারের নাম 

























