২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী নির্মাতা ও সংশ্লিষ্টরা আগামী ১ মার্চ পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে পারবেন। এর আগে আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ২৯ জানুয়ারি।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সময় বাড়ানোর এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র শিল্পের বিকাশ এবং সৃজনশীল মেধার সঠিক মূল্যায়নের লক্ষ্যে সরকার এই অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকারসহ সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ৩২টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে নির্ধারিত নিয়ম মেনে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে হবে। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য উভয় ক্ষেত্রেই মূল কপিসহ মোট ১২ সেট প্রস্তাবনা জমা দেওয়া আবশ্যক।
দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন ও মেধাবী নির্মাতাদের উৎসাহিত করতে এবং মানসম্মত চলচ্চিত্র নির্মাণ নিশ্চিত করতে প্রতি বছরই সরকারের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়। আবেদনের বিস্তারিত নিয়ম ও শর্তাবলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
রিপোর্টারের নাম 

























