বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য ও আধুনিকতাকে এক ছাদের নিচে নিয়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এটি উৎসবের ২৪তম আসর। আগামী মঙ্গলবার থেকে টানা ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
প্রতি বছর ভাষা আন্দোলনের গৌরবময় চেতনা এবং বাংলা চলচ্চিত্রের সমৃদ্ধ ইতিহাস ও সুরের মহিমাকে ধারণ করে এই উৎসবের আয়োজন করা হয়। দেশের সর্ববৃহৎ এই চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক সময়ের আলোচিত চলচ্চিত্রগুলোর পাশাপাশি প্রদর্শিত হবে বাংলা সিনেমার কালজয়ী কিছু ধ্রুপদী সৃষ্টি।
এবারের উৎসবে প্রদর্শিত হতে যাওয়া নতুন ছবিগুলোর মধ্যে রয়েছে তাণ্ডব, চক্কর ৩০২, উৎসব, অন্যদিন, নীলচক্র, এশা মার্ডার, জয়া এবং শারমিন। এছাড়াও, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, দ্য একাডেমি অব ফাইন আর্টস-এর মতো ভিন্নধারার চলচ্চিত্রও থাকছে প্রদর্শনীর তালিকায়।
পুরাতন ও ধ্রুপদী চলচ্চিত্রপ্রেমীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। প্রদর্শিত হবে কালজয়ী চলচ্চিত্র দেয়া নেয়া, সূর্যকন্যা, রূপবান, মেঘের অনেক রঙ, বেদের মেয়ে জ্যোৎস্না, হারমোনিয়াম, মুক্তির গান, নয়নের আলো, ধর এবং লাস্ট ঠাকুর। উৎসবের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শক ও নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 

























