বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান এবং এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন একটি নতুন নাটকে। জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘মায়া পাখি’ শিরোনামের এই নাটকে তাদের দুজনকে দেখা যাবে এক ভিন্ন রসায়নে।
নাটকের গল্পে শাহেদ ও নীহাকে একই অফিসে কর্মরত অবস্থায় দেখা যাবে। তাদের কর্মজীবনের পথচলায় একসময় গড়ে ওঠে এক ভিন্ন সম্পর্ক, যা ধীরে ধীরে প্রেমের দিকে মোড় নেয়। শাহেদ শরীফ খান জানান, ‘জাকারিয়া সৌখিনের ‘মায়া পাখি’ নাটকটির গল্প অত্যন্ত হৃদয়গ্রাহী। কাজটি করে আমি ভীষণ আনন্দিত। নীহা এই প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী, তার অভিনয় যথেষ্ট প্রশংসার দাবিদার।’
এদিকে, ‘মায়া পাখি’ নাটকের কাজ শেষ করে সম্প্রতি শাহেদ শরীফ খান শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি নারগিস আক্তারের নির্দেশনায় ‘ইচিং বিচিং ডেটিং’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। আব্দুল্লাহ জহির বাবুর রচনায় এই নাটকের কাজ টানা দুইদিন চলবে বলে জানা গেছে।
গুণী নির্মাতা নারগিস আক্তার সম্পর্কে শাহেদ শরীফ খান বলেন, ‘নারগিস আপা একজন অসাধারণ নির্মাতা। তার নির্মিত চলচ্চিত্র ও নাটক যেমন ‘মেঘলা আকাশ’, ‘চার সতীনের ঘর’ এবং ‘মেঘের কোলে রোদ’ দর্শক মহলে বিপুল প্রশংসা কুড়িয়েছে এবং সমাজকে নানানভাবে সচেতন করেছে। দীর্ঘ বিরতির পর তিনি আবারও নির্মাণে ফিরেছেন, এবং তার নির্দেশনায় আমি একেবারেই নতুন প্রজন্মের একটি ভিন্নধারার গল্পে কাজ করছি। আশা করছি এই কাজটিও সবার মন জয় করবে।’
এর আগে শাহেদ শরীফ খান শহীদুজ্জামান সেলিমের সঙ্গে মাইনুল হাসান খোকন পরিচালিত ‘বাবার চোখে জল’ শিরোনামের একটি নাটকেও অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























