বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নারীদের সম্মান ও হিজাব নিয়ে কোনো প্রকার ধৃষ্টতা দেখালে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, কেউ যদি মা-বোনদের দিকে কুনজরে তাকায় কিংবা তাদের হিজাব নিয়ে টানাটানি করে, তবে তার হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে এবং চোখ উপড়ে ফেলা হবে।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে একটি রাজনৈতিক দলের চারিত্রিক দ্বিমুখীতার সমালোচনা করে মামুনুল হক বলেন, একটি দল প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বললেও গোপনে ‘না’ ভোটের জন্য প্রচারণা চালায়। যারা প্রকাশ্যে এক কথা বলে আর গোপনে ভিন্ন কাজ করে, তাদের দ্বারা দেশের শাসনকাজ আর সম্ভব নয়। বাংলার তৌহিদী জনতা আর কোনো মুনাফিক গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না।
নারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, নিজেদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে একটি পক্ষ কাপুরুষের মতো নারীদের ওপর চড়াও হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি পুনরায় নারী সমাজের ওপর হাত তোলা হয়, তবে যে পরিস্থিতির সৃষ্টি হবে তা সামাল দেওয়ার ক্ষমতা কারও থাকবে না। সেই আগুন নেভানোর লোক খুঁজে পাওয়া যাবে না।
আসন্ন নির্বাচনে ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা কেবল ভোট দিয়েই দায়িত্ব শেষ করবেন না, বরং ভোটকেন্দ্র পাহারায় সজাগ থাকবেন। কোনো ভোটচোর যদি ভোট চুরি করতে আসে, তবে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
চৌদ্দগ্রামের এই বিশাল সমাবেশে ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মামুনুল হক তার বক্তব্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























