কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া তাঁর নিজ এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর নির্দেশ অমান্য করলে তাঁরা ভিন্ন রূপ দেখতে পাবেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এমপি মোবাশ্বের আলম তাঁর পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমার প্রিয় কুমিল্লা-১০ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, দয়া করে আমাকে জনগণের কাছে ছোট করবেন না। আমি বিভিন্ন দপ্তর থেকে জনগণের জন্য ভিক্ষা করে যতটুকু সহযোগিতা আদায় করে নিয়ে আসি, তা অপব্যবহার করার চেষ্টা করবেন না। যে সমস্ত উন্নয়ন প্রকল্প আপনাদের মাধ্যমে প্রদান করছি, সেগুলোর গুণগতমান চুক্তির শর্ত মোতাবেক রক্ষা করার চেষ্টা করবেন। যদি আমার এই নির্দেশ অমান্য করেন, তাহলে আমার অন্য রূপ দেখতে পাবেন।’
এমপির এই পোস্টের মন্তব্যের ঘরে শাহ নেয়াজ নামের এক ব্যক্তি লেখেন, ‘বাংলাদেশের আর কোনো এমপিকে এভাবে বলতে শুনিনি। আপনার সততা আপনাকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ।’ মহিউদ্দিন নামের আরেকজন মন্তব্য করেন, ‘ইনশাআল্লাহ, আমরা কখনোই আপনার বদনাম হোক এমন কাজ করব না। আপনার দেওয়া জনগণের আমানত জনগণকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সব সময়। তবে গুটি কয়েকজন আপনার এই পোস্ট থেকে যদি সাবধান না হয়, তাহলে তাদের পরিণতি খারাপ হবে।’ প্রায় চার শতাধিক নেতাকর্মী এক ঘণ্টার মধ্যে এই পোস্টে মন্তব্য করেছেন, যার বেশিরভাগই এমপির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 




















