বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে এই জোটকে নির্বাচিত করে, তাহলে তারা জাতিকে আর বিভক্ত হতে দেবেন না এবং দেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেবেন। তিনি যুবকদের বেকার ভাতা প্রদানের পরিবর্তে তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরে জেলা জামায়াতের আয়োজনে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াত আমির তার বক্তব্যে বলেন, তারা যুবকদের স্বপ্নের একটি উন্নত ও অগ্রগামী বাংলাদেশ দেখতে চান। তিনি যুবকদের উদ্দেশে বলেন, “আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেবো না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাওনি। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদের অপমানিত করতে চাই না। আমরা বরং তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
তিনি ‘জুলাই যুদ্ধে’ জীবন বাজি রেখে যারা লড়াই করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কথা দিয়েছিলাম, জুলাইযোদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দেবো। আমরা কথা রেখেছি। আমরা জুলাইয়ের ভূমিকাকে স্বীকার করে নিয়েছি। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। জুলাই এসেছিল বলেই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিন্তু কেউ কেউ আছেন জুলাইযোদ্ধাদের স্বীকার করতে চান না। যাদের আত্মত্যাগের কারণে অনেকে কারামুক্ত হয়েছেন, দেশে ফিরে এসেছেন, নির্বাচনের কথা বলা সম্ভব হয়েছে এবং দেশ শাসনের স্বপ্ন দেখতে পারছেন, তারাই আজ সেই ‘জুলাইযোদ্ধাদের’ অস্বীকার করছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি এবং জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।
রিপোর্টারের নাম 























