দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি দিবাগত রাতে রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ফোন পেয়ে তিনি এ তথ্য চূড়ান্ত করেন।
দলীয় সূত্র অনুযায়ী, তারেক রহমান যশোর থেকে আকাশপথে বরিশাল আসবেন এবং পরবর্তীতে সড়কপথে ঢাকায় ফিরবেন।
বিলকিস জাহান শিরিন আরও জানান, তারেক রহমানের এই সফর সম্পর্কে বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী, বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের অবহিত করা হয়েছে। তিনি বলেন, সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এখন কেবল তার আগমনের অপেক্ষা। এছাড়াও, আসন্ন শনিবার তিনি বিভাগের বিএনপি নেতাদের সঙ্গে একটি প্রস্তুতিমূলক বৈঠক করবেন বলে জানান।
উল্লেখ্য, এর আগে তারেক রহমানের বরিশাল সফরের জন্য ২৬ জানুয়ারি এবং পরবর্তীতে ২৭ জানুয়ারি তারিখ নির্ধারিত হলেও উভয়বারই তা বাতিল হয়ে যায়। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার সফর নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ও অপেক্ষা তৈরি হয়েছিল। অবশেষে নতুন তারিখ চূড়ান্ত হওয়ায় সেই অপেক্ষার অবসান হলো।
সর্বশেষ ২০০৬ সালে তারেক রহমান বরিশালে গিয়েছিলেন। সেসময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন। আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে এই সফরকে বরিশালের স্থানীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 























