দীর্ঘ প্রায় এক বছরের বিরতি কাটিয়ে আবারও পরিচালকের আসনে বসলেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তিনি নির্মাণ করছেন নতুন নাটক ‘সখিনা’। গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ।
নিজের হাতেই নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন আবুল হায়াত। শুটিং স্পট থেকে তিনি জানান, রাবেয়া খাতুনের গল্পের বিশাল ভাণ্ডার থেকে ‘সখিনা’ তার মন ছুঁয়ে গেছে। তিনি বলেন, “রাবেয়া খাতুন খালার অনেক গল্প আছে যেগুলো অল্প বাজেটেও ভালোভাবে নির্মাণ করা সম্ভব। ‘সখিনা’ গল্পটি পড়ে মনে হয়েছে এটি নিয়ে কাজ করা যায়। তাই আবার পরিচালনায় ফেরা।”
গ্রামীণ পটভূমিতে নির্মিত হচ্ছে এই নাটক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী মৌ। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। এছাড়াও নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নরেশ ভূঁইয়া ও বদরুল হাসান খান।
নিজের বর্তমান কাজের ধারা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, এখন আর আগের মতো নিয়মিত কাজ করছেন না তিনি। পছন্দের গল্প ও চরিত্র বেছে নিয়েই কাজ করেন। তিনি আরও যোগ করেন, “এখন কাজের পাশাপাশি পরিবার ও বিশ্রামের সময়টাকেও গুরুত্ব দিই। তবে অভিনয় বা নির্মাণ থেকে দূরে থাকলে নিজের ভেতর এক ধরনের শূন্যতা কাজ করে।”
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 

























