বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের জানমালের নিরাপত্তা কেবল বিএনপির হাতেই সুরক্ষিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।
এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে। এই নির্বাচনে আপনারা স্বাধীনভাবে, মুক্ত পরিবেশে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের স্বাদ ভোগ করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। ধানের শীষ প্রতীকের সমর্থনে স্থানীয় ইউনিয়ন বিএনপি এ নির্বাচনি পথসভার আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এদেশের মানুষের স্বাধীনভাবে, মুক্তভাবে কথা বলতে পারত না। এক কথায়, দেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না। মানুষ স্বাধীনভাবে, নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর আমরা আপনারা সবাই সেই অধিকার ফিরে পেয়েছি।
এখন আমরা সবাই দেশের মালিক। দেশের গণতন্ত্র, স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং দেশকে আরো শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ধানের শিস প্রতীকে ভোট দেওয়ারও আহবান জানান সালাহউদ্দিন আহমদ।
নির্বাচনি পথসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। যতবারই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল ততবারই সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।
আসন্ন নির্বাচনে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য বিএনপির নেতাকর্মীরাই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। শুধু তাই নয়, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিএনপি আজীবন কাজ করে যাবে।
কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব মাওলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সাইফুল ইসলাম ছাবু ও রোটারিয়ান শফি উল্লাহ প্রমুখ।
রিপোর্টারের নাম 





















