রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান শুটার চঞ্চল মোল্যাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভূইয়া আদালতে আসামি চঞ্চল মোল্যাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানার বিএনপির সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবু এবং ভিকটিম ইউসুফসহ অন্যান্য লোকজন নিজেদের মধ্যে কথা বলছিলেন। এ সময় আসামি চঞ্চল ও তার সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে ইউসুফকে লক্ষ্য করে গুলি করে। গুলি ইউসুফের বুকের ডান পাশে লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। তিনি মাটিতে পড়ে গেলে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করলে আসামিরা এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকেন। এই এলোপাথাড়ি গুলিতে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন গুলিবিদ্ধ ইউসুফ, নালাম সরদার ও মনিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়।
এই ঘটনার পর পালানোর সময় কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর দোকানের সামনে থেকে শুটার চঞ্চল মোল্যাকে অস্ত্র-গুলিসহ আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























