এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় নাটোরে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক। এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, তাদের উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করা এবং শিল্পখাতে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা।
মাসব্যাপী এই প্রশিক্ষণে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা টেকসই ব্যবসা পরিচালনা, ব্যবসা সম্প্রসারণের কৌশল এবং প্রতিযোগিতামূলক বাজারে কার্যকরভাবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর যুগ্ম পরিচালক এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনভিত্তিক শিল্পায়নের জন্য দক্ষ উদ্যোক্তা গড়ে তোলা অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন যে, ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর মতো উদ্যোগগুলো এই লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নতুন উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে প্রাইম ব্যাংক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বাস দেন যে, উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা, তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা এবং উপযুক্ত আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে প্রাইম ব্যাংক সবসময় তাদের পাশে থাকবে।
প্রাইম ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং এটি দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। উদ্যোক্তা উন্নয়নমূলক এই ধরনের কর্মসূচি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় ভূমিকা রাখে।
রিপোর্টারের নাম 



















