গোপালগঞ্জে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে বেদেপল্লীর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি মোটরসাইকেলে করে তিন যুবক গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারী মারাত্মক আহত হন। খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল বেপারীকে ঢাকায় পাঠানো হলেও, ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে, চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল বাড়ৈ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার তিন জনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























