বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ বলেছে এবং ৭০ শতাংশ মানুষের এই রায় বাস্তবায়ন দেখতে চায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ‘ধানাই-পানাই’ বা টালবাহানা সহ্য করা হবে না।
শনিবার সিলেটের ঐতিহাসিক সরকারি আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত ১১ দলের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সারা দেশের মানুষের একই দাবি – গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এই রায় বাস্তবায়নের মাধ্যমেই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। তিনি বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চান না বলেও মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে এবং সকল ক্ষেত্রে দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাইছে, যা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি তারা ফ্যাসিবাদ কায়েম করে তবে জনগণ তাদেরও তাড়াবে।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণভোটের রায় ভালোয় ভালোয় মেনে নিন। আমরা আমাদের জুলাইযোদ্ধা, জুলাইশহীদ ও ১৮ কোটি মানুষের সাথে বেইমানি করব না। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব।
সিলেটবাসীকে পরবর্তী আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।
সিলেটের বঞ্চনা ও ভোগান্তির কথা তুলে ধরে তিনি সরকারের কাছে সিলেট এমএ জি ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা, ৬ লেনের রাস্তা সম্পন্ন করা এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানান। এছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুরও আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























