সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩৯ জন। এর আগের দিন শুক্রবার কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ১৮১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি মাসের ২৫ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৬ জনে এবং এই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগে ৭৭ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৩০ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন। একই সময়ে ৪১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪০ জনে। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী। এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮২০ জন নিয়ে বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে।
রিপোর্টারের নাম 























