বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) দেশের বিভিন্ন সময়ে নিহত ৪৩ জন সাংবাদিকের, যার মধ্যে সাগর-রুনি, আসাদুজ্জামান তুহিন, গোলাম রব্বানী নাদিম ও শেলু আকন্দ উল্লেখযোগ্য, হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। একইসাথে সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি উত্থাপন করা হয়। মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিচার নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারকে উদ্যোগী হতে হবে।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান বলেন, সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলার ঘটনায় দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য একটি বড় হুমকি। বছরের পর বছর ধরে আলোচিত বহু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। নিহত সাংবাদিকদের স্মরণে মানববন্ধনে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
বিপিজেএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল মানববন্ধনে সভাপতিত্ব করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ডিইউজের দপ্তর সম্পাদক আল-আমিন এবং সদস্য রাজু আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 




















