বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল আশেকপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন এবং তার অপরাধমূলক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী স্ত্রী জান্নাত আক্তারকে গ্রেপ্তার করা হয়।
আভিযানিক দলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ স্বীকার করেন যে, তার কাছে জার্মানির তৈরি একটি অত্যাধুনিক ৯ মিলিমিটার পিস্তল রয়েছে। পরবর্তীতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য তার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি লুকিয়ে ফেলার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন। তবে শেষ রক্ষা হয়নি; লেফটেন্যান্ট কর্নেল তানভীরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত তল্লাশিতে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এছাড়া ওই বাড়ি থেকে বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন দীর্ঘ দিন ধরে শাজাহানপুর ও আশেকপুর এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন এবং তার স্ত্রী জান্নাত আক্তার এসব কাজে তাকে সরাসরি সহযোগিতা করতেন। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 





















