মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আরও পাঁচ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন: কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ এবং হাজী নোমান আহমদ।
জানা গেছে, আসন্ন নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) নির্বাচনী প্রচার চালাচ্ছেন। একই আসনে জেলা বিএনপির সাবেক সদস্য মহসিন মিয়া মধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রচারণায় রয়েছেন। সম্প্রতি, হাজী মুজিবুর রহমান চৌধুরী জেলা বিএনপিতে অভিযোগ করেন যে, কমলগঞ্জের একাধিক নেতা ধানের শীষের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই উল্লিখিত পাঁচ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপি তাদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না। এর আগে গত ১৯ জানুয়ারি একই অভিযোগে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আরও পাঁচ নেতাকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
রিপোর্টারের নাম 





















