বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) এবং উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সাবেক মন্ত্রী ও দলের সাবেক নায়েবে আমির মরহুম মাওলানা এ কে এম ইউসুফের সহধর্মিণী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে শনিবার ভোর ৫টায় ৯০ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আগামীকাল রোববার বাদ এশা রাজধানীর উত্তরার ১০ নং সেক্টরে সেন্ট্রাল মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রাবেয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূচনালগ্নের অন্যতম সংগঠক মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর জীবনসঙ্গিনী রাবেয়া খাতুনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
জামায়াত আমির আরও বলেন, মরহুমা সারাজীবন একজন দ্বীনদার, পরহেযগার, ধৈর্যশীল ও আদর্শ গৃহিণী হিসেবে তার স্বামীকে দ্বীনের খেদমতে নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রেরণা জুগিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের প্রতিকূল দিনগুলোতে তার ত্যাগ ও ধৈর্য অপরিসীম। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এই দোয়া করেন। ডা. শফিকুর রহমান মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সন্তানদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের জন্য সবরে জামিলের প্রার্থনা করেন।
রিপোর্টারের নাম 





















