ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নওগাঁর শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার বেলা ১১টায় নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ও সংহতি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নওগাঁ ইয়ুথ ক্লাবের সভাপতি ও নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাহাদ হাসান আকাশ। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা কোনো দেশের বিরুদ্ধে নই; শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকারের প্রতি সংহতি জানাতেই আজ একত্রিত হয়েছি।” ভারতের শিক্ষার্থী আন্দোলনে যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরিবর্তে বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে তিনি আটক শিক্ষার্থীদের মুক্তি ও আহতদের ক্ষতিপূরণ দাবি করেন।
একই সাথে রাহাদ হাসান আকাশ বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান দুর্নীতি ও অনিয়ম দ্রুত সংস্কার করতে হবে। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেন, যেখানে মেধা, পরিশ্রম ও সততার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে। তিনি আরও উল্লেখ করেন, “উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্ত শুরু হয়েছে। চলমান আন্দোলন তারই একটি ধারাবাহিকতা। আমরা আমাদের ভারতীয় শিক্ষার্থী বন্ধুদের যৌক্তিক আন্দোলনে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি, মানতে হবে’, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, নিশ্চিত করো’, ‘শিক্ষার্থীর ওপর সহিংসতা, বন্ধ করো’ এবং ‘জাস্টিস ফর ইন্ডিয়ান স্টুডেন্টস’সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া, তারা ‘উই স্ট্যান্ড উইথ ইন্ডিয়ান স্টুডেন্টস’ এবং ‘পলিটেকনিকের শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ও অহিংস আন্দোলনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























