গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশিষ্ট শিক্ষক নেতা মঞ্জুরুল হক প্রধান সেলিম (৭১) আর নেই। গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, তিন ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে তার পৈত্রিক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তিনি পাড়াকচুয়া গ্রামের মৃত তোফাজ্জল হক প্রধানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন, যা তাকে স্থানীয় শিক্ষা মহলেও সুপরিচিত করে তোলে।
এদিকে, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাবেক সভাপতি খোকন আহম্মেদ, কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত ও জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক শওকত জামান, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার ও রাসেল কবির, সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, সাহিত্য সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, সদস্য আব্দুল হান্নান আকন্দ, রবিউল হাসান বিপ্লব, মানকি সাহা ও অজয় চাকী প্রমুখ।
রিপোর্টারের নাম 

























