রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে ‘দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের সংঘাতের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এটিই বর্তমান সময়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সঠিক পথ।
মঙ্গলবার গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার গুদড়ীপট্টী মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিবর্তন অর্জনের জন্য আধুনিক যুগে অস্ত্রের ব্যবহার পরিহার করে ব্যালটের শক্তিকে কাজে লাগানো উচিত। তিনি জনগণকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, দেশে চলমান দুঃশাসন, দুর্নীতি এবং অবিচার থেকে মুক্তি পেতে হলে আদর্শবান নেতৃত্বের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা অপরিহার্য। তিনি দৃঢ়তার সাথে বলেন, যদি জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেন, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।
কাঁকনহাট পৌরসভার আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে রাজশাহী মহানগরী শিবিরের সেক্রেটারি, জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























