রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিন সংসদ সদস্য প্রার্থীকে আদালতে তলব করা হয়েছে। বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটিয়ে প্রচারণার দায়ে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নির্দেশে তাদের সশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তলবপ্রাপ্ত প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল, আরেক স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ব্যারিস্টার রেজাউল করিম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান।
রাজশাহী-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে জ্যেষ্ঠ সহকারী জজ মো. মামুন গত রবি ও সোমবার পৃথকভাবে এই তিন প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, কমিটি সরেজমিন পরিদর্শনে দেখেছে যে, উল্লিখিত প্রার্থীরা নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন লাগিয়েছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার এটি সুস্পষ্ট লঙ্ঘন। এই বিধি ভঙ্গের কারণে কমিটি স্বতঃপ্রণোদিত হয়ে অনুসন্ধান শুরু করেছে।
আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচনী এলাকায় কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সরকারি কিংবা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং কোনো যানবাহনে পোস্টার, লিফলেট বা ফেস্টুন সাঁটানো সম্পূর্ণ নিষিদ্ধ।
এমতাবস্থায়, এই অভিযোগটি নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে বিবেচিত হওয়ায়, কেন সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—সে বিষয়ে আদালতে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























