লালমনিরহাটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ ইমাম সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান এবং ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটের উপপরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম এবং আদিতমারী মারকাজুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নৈতিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে অপরিহার্য। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
রিপোর্টারের নাম 

























