আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন তার নির্বাচনী প্রচারণায় গতি বাড়িয়েছেন। মঙ্গলবার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি শাপলা কলি মার্কার প্রতি জনগণের আস্থা বাড়ছে দাবি করে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকে উপস্থিত জনসমাগমকে উদ্দেশ্য করে আখতার হোসেন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহই প্রমাণ করে যে শাপলা কলি মার্কার প্রতি তাদের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বিপুল জনসমাগম শাপলা কলি মার্কারের বিজয় সুনিশ্চিত করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় নাগরিক পার্টি সংস্কার, ন্যায়বিচার এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচিত হলে তিনি কেবল কাউনিয়া-পীরগাছা নয়, সমগ্র রংপুর অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নে জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
এদিনের উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এ সময় এলাকার সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরলে আখতার হোসেন সেগুলোর বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস দেন।
এদিকে, একই নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হকও নিরলসভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় তিনি তুলনামূলকভাবে একটি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
রিপোর্টারের নাম 

























