জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়তাবাদের নামে যারা ঋণখেলাপি এবং বিদেশি নাগরিকদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জাতীয়তাবাদের রাজনীতি করার দাবি করলেও তাদের প্রার্থীদের অনেকেই বাংলাদেশের নাগরিক নন, যা অত্যন্ত হাস্যকর।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির এক নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দলের ঐতিহাসিক গৌরব এখন কেবলই স্মৃতি। বর্তমানে এই দলের প্রার্থীরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে খেলাপি হয়েছেন এবং তারা জনগণের অর্থ লুটপাট করার জন্য আবারও ক্ষমতায় আসার অপেক্ষায় রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, জনগণ কি এই ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের ভোট দিয়ে তাদের ওপর রাজত্ব করার সুযোগ দেবে?
আসিফ মাহমুদ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, বিএনপি কৃষক ও শ্রমিকদের জন্য পেনশন চালু করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় পাঁচ বছর থেকে তা বাস্তবায়ন করতে পারেনি। তাই এখন তারা যতই ‘কার্ড’ বা প্রতিশ্রুতি দিক না কেন, জনগণ তাদের ওপর আস্থা রাখবে না।
তিনি আরও বলেন, যারা নিজেদের সংস্কারের পথিকৃৎ বলে দাবি করে, তারাও দলীয় প্রধানের মুখে সংস্কার বা গণভোটের কথা উচ্চারণ করেন না। তাদের কেউ কেউ সংস্কারের কথা বললেও মাঠ পর্যায়ে ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যা তাদের মুনাফিকি প্রকাশ করে। জনগণ ইতোমধ্যে তাদের এই দ্বিচারিতা চিহ্নিত করেছে।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে আসিফ মাহমুদ হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, সেনবাগে পেশি শক্তি ব্যবহার করে কেন্দ্র দখলের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার কোনো নাগরিককে ভোট দিতে বাধা দেওয়া হলে, তারা বসে থাকবে না। যেখানেই ভোটদানে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো ভোটারকেই ভোট না দিয়ে কেন্দ্র ত্যাগ করতে দেওয়া হবে না।
এ সময় নোয়াখালী-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ, জামায়াত নেতা আব্দুল মালেক এবং এনসিপির সংগঠক নিজাম উদ্দিন, মামুন হোসেন, আরাফাত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























