চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি মালিকানাধীন গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বুধবার ফরিদগঞ্জ থানায় এই অভিযোগটি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের আনন্দবাজার এলাকার ১৯-বি আনন্দবাজার খালের পাড়ে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের জমিতে রেইনট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। এই বিক্রির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কাজী গংদের।
সরকারি গাছ প্রকাশ্যে বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাছের ক্রেতা হারুনুর রশিদ জানান, তিনি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজীর কাছ থেকে টাকা দিয়ে গাছগুলো কিনেছেন। তবে এগুলো সরকারি সম্পত্তি কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি খালের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
তবে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কাজী দাবি করেছেন, যেখান থেকে গাছ কেনা হয়েছে, সেই সম্পত্তি তাদের দুই বাড়ির ব্যক্তিমালিকানাধীন এবং গাছগুলো তার শ্বশুরের হাতে লাগানো। তাই এগুলো তাদের নিজস্ব গাছ, যা তারা বিক্রি করেছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানিয়েছেন, তদন্ত চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























