স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্বাস্থ্য খাতের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের জন্য বিগত সরকারকে দায়ী করেন এবং বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে বলে জানান।
পরিদর্শনের একপর্যায়ে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি হাসপাতালের ভেতরে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বাথরুমেও সরকারি ওষুধ ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এমন অনিয়ম দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাস্থলে বসেই সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিও কিছুদিনের মধ্যেই ১০১ শয্যার টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে। তিনি চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী এ সময় পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
রিপোর্টারের নাম 

























