চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ আহমেদ বেপারীকে (৪৫) আটক করেছে যৌথ বাহিনী। তিনি চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাত সোয়া দুইটার দিকে যৌথ বাহিনী হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে সৈয়দ আহমেদকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আটক সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— তিনটি চাইনিজ কুড়াল, দুটি রামদা, একটি লোহার চাকু, একটি দেশীয় দা, চারটি স্টিল পাইপ, একটি হাতুড়ি, একটি চেইন, একটি বেইচ গিয়ার, তিনটি স্টিলের চাকু এবং দুটি স্মার্টফোন।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানিয়েছেন, সৈয়দ আহমেদ পূর্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, গ্রেপ্তারের পর সৈয়দ আহমেদকে প্রথমে হাইমচর থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে তার স্থায়ী ঠিকানা ফরিদগঞ্জ হওয়ায় তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. লুৎফর রহমান বলেন, “সৈয়দ আহমেদকে হাইমচর থেকে গ্রেপ্তার করা হলেও অস্ত্র উদ্ধার করা হয়েছে তার ফরিদগঞ্জের বাড়ি থেকে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
রিপোর্টারের নাম 

























