নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, যে সকল দ্বৈত নাগরিক গত ২৯ ডিসেম্বরের মধ্যে নিজেদের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন। দেশের প্রচলিত আইন মেনেই দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে এই বৈধতা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। যদি কেউ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করে, তবে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সাধারণ ব্যালটের পাশাপাশি পোস্টাল ব্যালটও গণনা করা হবে। তবে, পোস্টাল ব্যালটে ১১৯টি প্রতীক থাকায় এর গণনা কিছুটা সময়সাপেক্ষ হবে। প্রবাসীদের ক্ষেত্রে, তাদের এজেন্টদের মাধ্যমে ব্যালটের প্রতীকগুলো দেখিয়ে নিশ্চিত করতে হবে যে তারা কোন প্রতীকে ভোট দিয়েছেন।
ইসি সানাউল্লাহ উল্লেখ করেন, এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও অধীরতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের কাজ হলো একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে তাদের এই প্রত্যাশা পূরণ করা, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। তিনি প্রশাসনের প্রতি নির্দেশ দেন, কোনো দুষ্ট চক্র যেন প্রতিপক্ষের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিতে না পারে। নিজেদের ভোটারদের সাথে নিয়ে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে অন্যদের বাধা দেওয়া চলবে না।
পোস্টাল ব্যালট দুই ভাগে বিভক্ত হবে জানিয়ে তিনি বলেন, প্রবাস থেকে আসা ভোটগুলো ডাক বিভাগের মাধ্যমে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। অন্যদিকে, দেশের অভ্যন্তর থেকে আসা পোস্টাল ব্যালটগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে সংগৃহীত হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাচন কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিবেশ এবং গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রিপোর্টারের নাম 
























