নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করার কারণে বিএনপির প্রার্থীর সমর্থকরা ওই যুবকের ওপর হামলা চালায়। সোমবার বিকেলে রানীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
আক্রান্ত ওই যুবকের নাম তানসেন, তিনি উপজেলার পাকুরিয়া একডালা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী তানসেনের ভাষ্যমতে, তিনি ওই আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আলমগীর কবিরের ‘মোটরসাইকেল’ প্রতীকের লিফলেট বিলি করছিলেন। পাকুরিয়া খেলার মাঠ এলাকায় পৌঁছালে রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগ্নে লিটনসহ আরও কয়েকজন তাকে বাধা দেন। তানসেনের অভিযোগ, তাকে ‘স্বতন্ত্র প্রার্থীর দালাল’ আখ্যা দিয়ে লিটন ও তার সাথে থাকা ৫-৭ জন যুবক অতর্কিত মারধর শুরু করেন। এ সময় তিনি নিজেকে শারীরিক প্রতিবন্ধী ও অসহায় দাবি করে আকুতি জানালেও হামলাকারীরা নিবৃত্ত হয়নি। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে অভিযোগের বিষয়ে লিটন জানান, একটি খেলার অনুষ্ঠানে তারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় ওই প্রতিবন্ধী যুবক মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে ফেরার পথে তিনি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উত্তেজিত কয়েকজন কর্মী-সমর্থক তাকে চড়-থাপ্পড় দেন। তবে মারধরের ঘটনায় নিজের সরাসরি সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেছেন।
নির্বাচনী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
রিপোর্টারের নাম 






















