বরিশালের আগৈলঝাড়ায় শিলা ইসলাম (৩৫) নামে এক আওয়ামী লীগ নেত্রী ও ইউনিয়ন পরিষদ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিলা ইসলাম উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং শিলার দ্বিতীয় স্বামী ছিলেন।
নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদার অভিযোগ করেছেন যে, বিয়ের পর থেকেই শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত বিভিন্ন অজুহাতে তার মেয়েকে প্রায়ই মারধর করতেন। ঘটনার দিন শুক্রবার বেলা ৩টার দিকে সেরাল গ্রামের ভাড়া বাসায় মারুফ তার স্ত্রী শিলাকে অমানুষিকভাবে নির্যাতন করেন। স্বামীর এই অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে শিলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাতে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন উল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























