কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন— হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে একটি নৌকায় করে নাফ নদীতে মাছ ধরছিলেন ওই দুই তরুণ। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে হঠাৎ তাদের লক্ষ্য করে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে আরাকান আর্মির সদস্যরা। এতে দুজনেই গুলিবিদ্ধ হয়ে নৌকায় লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী অন্য জেলেরা দ্রুত এগিয়ে আসেন এবং তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার ইউপি সদস্য কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরার সময় সীমান্ত পেরিয়ে ওপার থেকে আসা গুলিতে দুইজন আহত হয়েছেন। তবে জেলেরা সে সময় ঠিক কোন অবস্থানে ছিলেন—তাঁরা কি বাংলাদেশের জলসীমায় ছিলেন নাকি ভুলবশত সীমান্ত অতিক্রম করেছিলেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নাফ নদীতে গুলিবর্ষণের ঘটনায় দুই জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝিমংখালী কোম্পানি কমান্ডার জানিয়েছেন, সীমান্তে গুলিবর্ষণের এই ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ নিয়ে সীমান্তে সতর্কতা জোরদার করার পাশাপাশি বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 






















