পাবনার ভাঙ্গুড়ায় দোকান ঘর নির্মাণে চাঁদা দাবির অভিযোগে এক শ্রমিক নেতাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর তাদের থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের নেতা মাসুদ রানা (৫৫) ও তার ভাই আব্দুল মালেক (৫৩)। তারা পৌর শহরের ভাঙ্গুড়া বাজার রেলপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নওশাদ আলী সম্প্রতি ভাঙ্গুড়া বাজার রেলপাড়া এলাকায় নিজের জমিতে একটি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ চলাকালীন অভিযুক্ত মাসুদ রানা ও তার ভাই আব্দুল মালেকসহ আরও কয়েকজন নওশাদ আলীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার অভিযুক্তরা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
উদ্ভূত পরিস্থিতিতে কোনো উপায় না দেখে ভুক্তভোগী নওশাদ আলী স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ জানান। অভিযোগের প্রেক্ষিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করায় রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী নওশাদ আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























