শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নম্বর কেন্দ্রিক অসুস্থ প্রতিযোগিতা ও কৃত্রিম ফলাফলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করাই হবে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রধান ভিত্তি।
রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশপ্রেমের সংজ্ঞা দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, দেশপ্রেম কেবল ইতিহাসের গৌরবগাথা স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দৈনন্দিন জীবনে সততা, দায়িত্বশীলতা, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই হলো প্রকৃত দেশপ্রেম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন এবং ন্যায়বোধের চর্চা করাই দেশপ্রেমের জীবন্ত বহিঃপ্রকাশ।
শিক্ষা উপদেষ্টা তাঁর বক্তব্যে একজন বরেণ্য ব্যক্তিত্বের জীবন ও কর্মের উদাহরণ টেনে বলেন, তিনি কেবল একজন সাহিত্যিক ছিলেন না, ছিলেন বহুমাত্রিক এক মানবিক সত্তা। উচ্চশিক্ষা শেষে বিদেশের মাটিতে না থেকে নিজ দেশে ফিরে এসে তিনি জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করেছিলেন। সাইকেল ও টেপ রেকর্ডার হাতে গ্রাম থেকে গ্রামে ঘুরে লোকসাহিত্য সংগ্রহে তাঁর যে নিরলস পরিশ্রম, তা বর্তমান প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত। সামান্য চাহিদার বিপরীতে সমাজ ও শিক্ষা সংস্কারে তাঁর বিপুল অবদান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
দেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রসঙ্গে ড. সি আর আবরার বলেন, বাংলাদেশ বহুমাত্রিক পরিচয়ের দেশ। আমাদের ভাষা, সংস্কৃতি, জাতিগোষ্ঠী ও ধর্মীয় বৈচিত্র্য কোনো দুর্বলতা নয়, বরং এটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই বৈচিত্র্যকে ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























