জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও তরুণ অভিনেত্রী মাফতুহা জিম প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ‘পাশে থেকো’ শিরোনামের একটি বিশেষ নাটকে। সম্পর্কের টানাপোড়েন ও ত্যাগের এক ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
রাকিবুল হাসান তানভীরের পরিচালনায় নির্মিত হয়েছে ‘পাশে থেকো’ নাটকটি। এতে নেহাল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং মায়া চরিত্রে দেখা যাবে মাফতুহা জিমকে। সমাজে মানব সম্পর্কের জটিলতা এবং আত্মত্যাগের গল্পকে উপজীব্য করে নাটকটি তৈরি করা হয়েছে।
নাটকের গল্প নেহালকে ঘিরে আবর্তিত হয়, যে তার প্রেমিকার স্মৃতি আঁকড়ে ধরে একাকী জীবন কাটাচ্ছিল। অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য সে তার বন্ধু রাশেদের পরামর্শে মায়া নামের এক তরুণীকে চুক্তির মাধ্যমে ভাড়া করে আনে। টাকার বিনিময়ে এই অভিনয় নেহালের কাছে প্রথমদিকে চরম অপছন্দনীয় মনে হলেও, মায়ার সরলতা ও যত্নশীল আচরণ ধীরে ধীরে তার বাবার মন জয় করে নেয়।
বাবার মৃত্যুর পর চুক্তি অনুযায়ী মায়া চলে গেলে নেহাল নিজের ভুল বুঝতে পারে। সে উপলব্ধি করে, মায়ার প্রতি তার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। এরপর গল্প নতুন মোড় নেয় এবং সম্পর্কের এক ভিন্ন সমীকরণের দিকে এগিয়ে যায়।
রিপোর্টারের নাম 

























