দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিয়মিত সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এর বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন সুপরিচিত সংগীতশিল্পী সোহেল মেহেদী ও এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী ইয়াসমিন লাবণ্য। গুণী এই দুই শিল্পীর কণ্ঠে বরেণ্য সংগীতজ্ঞদের কালজয়ী কিছু গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির নতুন এই পর্ব।
দীর্ঘদিন ধরে দেশীয় সংগীতের ভুবনে সফলতার সঙ্গে পথ চলছেন সোহেল মেহেদী। ‘মেঘের ভাঁজে ভাঁজে’, ‘প্রাণ সখী’, ‘বলা হলো না’, ‘ভালোবাসি বলবো তোকে’ কিংবা ‘অন্তর জ্বলে’র মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করা এই শিল্পী গত বছর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গাওয়া ‘বীরের বেশে আসবে ফিরে’ শিরোনামের একটি গানের মাধ্যমেও বেশ আলোচনায় আসেন।
‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের এবারের আয়োজনে সোহেল মেহেদী কণ্ঠ দিয়েছেন প্রয়াত কিংবদন্তি খালিদ হাসান মিলুর জনপ্রিয় গান ‘কতদিন দেহিনা মায়ের মুখ’ ও ‘শুধু একবার শুধু একবার’ এবং প্রখ্যাত শিল্পী তপন চৌধুরীর ‘আলো ভেবে যারে আমি’ ও ‘কান্দো ক্যানে মন’ গানগুলোতে।
অন্যদিকে, গায়িকা হিসেবে পরিচিতির পাশাপাশি উপস্থাপনা ও নৃত্যেও সমান পারদর্শী ইয়াসমিন লাবণ্য। এই অনুষ্ঠানে তিনি গেয়েছেন মিতালী মুখার্জির ‘আবার কখন কবে দেখা হবে বলো’ ও ‘শ্রাবণ এ সন্ধ্যায় মন যে অসহায়’, সাবিনা ইয়াসমিনের ‘আমি শ্রাবণকে যে ভালোবাসি’ এবং আরতি মুখার্জির ‘আমি না বলে এসেছি’ গানগুলো।
অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, “এর আগেও এই আয়োজনে অংশ নিয়েছি। এবার শ্রদ্ধেয় মিলু ভাই ও তপন দাদার জনপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।”
একই প্রত্যাশা ব্যক্ত করে ইয়াসমিন লাবণ্য বলেন, “এর আগের পর্বেও আমি বরেণ্য শিল্পীদের গান গেয়েছিলাম। এবারও তিনজন কিংবদন্তি শিল্পীর গান গাওয়ার সুযোগ পেয়েছি। অনুষ্ঠানটি নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।”
বরেণ্য শিল্পীদের জনপ্রিয় সব গানের সমন্বয়ে সাজানো সোহেল মেহেদী ও ইয়াসমিন লাবণ্যের এই সংগীতময় পর্বটি শিগগিরই দর্শকরা ছোটপর্দায় উপভোগ করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























